জাপায় আবার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ, রওশন এরশাদ
এইচ এম এরশাদ, রওশন এরশাদ

ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করার পরদিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়লেন এইচ এম এরশাদ। দলের মহাসচিব ও ১৮ সাংসদসহ একটা অংশ গতকাল সোমবার যৌথ সভা করে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে। এতে জাতীয় পার্টি (জাপা) ভাঙনের মুখে পড়ল কি না, এ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।
গতকাল রাত আটটার দিকে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা আসার এক ঘণ্টার মাথায় রংপুরে সংবাদ সম্মেলন ডাকেন জাপা চেয়ারম্যান এরশাদ। তিনি বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ। যারা এটা করেছে, তাদের উদ্দেশ্য অসৎ। যারা এটা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমি দলের চেয়ারম্যান। দলের গঠনতন্ত্র অনুযায়ী, আমার অনুমতি ছাড়া কেউ সভাপতিমণ্ডলীর সভা ডাকতে পারেন না।’
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘দলের সংকটময় মুহূর্তে যখন দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক এমন সময় দলের ভেতরে একটি চক্র দলকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
ওই সংবাদ সম্মেলনে সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা দলকে বিভক্ত করার চক্রান্ত।
এরশাদ গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরশাদের এ ঘোষণায় দলে রওশনপন্থী নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। তাঁরা গতকাল দিনভর রওশনের গুলশানের বাসায় বৈঠক করেন। বৈঠকে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ (বাবলু), সরকারে থাকা জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৮ জন সাংসদ ও সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য অংশ নেন। রাত আটটার দিকে রওশনের বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, তাঁদের বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘দলের গঠনতন্ত্রে কো-চেয়ারম্যানের পদ নেই। এটি গঠনতন্ত্রবিরোধী এবং আপন ছোট ভাইকে উত্তরসূরি ঘোষণা করা দলে রাজতন্ত্র কায়েম করার শামিল।’
জাপার মহাসচিব সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। তিনি হাতে লেখা একটি লিখিত বক্তব্য দেন। তাতে বলা হয়, ‘জি এম কাদের দিনাজপুরের এক সভায় দলের সব সংসদ সদস্যকে পদত্যাগ করতে হবে ও বর্তমান পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করতে হবে বলে ঘোষণা করেছে। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ এই বক্তব্যের নিচে রওশন এরশাদ ও জিয়াউদ্দিন বাবলুর সই রয়েছে।
রওশনকে হঠাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা দল ভাঙার লক্ষণ কি না—এমন প্রশ্নের জবাবে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘দল ভাঙবে কেন?’ তিনি বলেন, ‘এরশাদ সাহেব জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব করে যে সিদ্ধান্ত দিয়েছেন, তা গঠনতন্ত্র অনুসরণ করে করা হয়নি। সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব পালন করবেন রানিং মহাসচিব। এসব বিষয়ে যাতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারি, সে জন্য রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।’
গতকাল সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী তিনি জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করেছেন। দলের চেয়ারম্যান হিসেবে তাঁর এ ক্ষমতা আছে। তিনি বলেন, ‘এর আগে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলাম। রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করেছিলাম। তখন তো কেউ কোনো প্রশ্ন তোলেননি।’
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সরকারের কবজা থেকে দলকে বের করে আনতে চাচ্ছেন এরশাদ। এরই অংশ হিসেবে ছোট ভাই জি এম কাদেরকে উত্তরসূরি করার ঘোষণা দেন। তিনি মহাসচিব পদেও পরিবর্তন আনার কথা ভাবছিলেন। পর্যায়ক্রমে নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে মন্ত্রিসভা থেকে দলের তিন নেতাকে বের করে আনার উদ্যোগ নিতেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘দলের স্বার্থে পার্টির চেয়ারম্যান যখন যেখানে প্রয়োজন পরিবর্তন এনেছেন। ওয়ান-ইলেভেনের সময় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। আমাকেও মহাসচিবের পদ থেকে ড্রপ করেছেন। জাতীয় পার্টি মানেই এরশাদ। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।’
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দলের পরিবর্তন আনার এই উদ্যোগে জাপার বহির্বিশ্বের প্রভাবশালী বন্ধুদের সম্মতি আছে। জি এম কাদের বর্তমান আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে মন্ত্রী ছিলেন। দলীয় প্রধানের আহ্বানে তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ান। তখন নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে জাপায় বড় ধরনের ঝড় আসে এবং এরশাদ ও রওশনকে কেন্দ্র করে দলে দুটি বলয় তৈরি হয়।
দলীয় সূত্রগুলো বলছে, দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, সরকার গত দুই বছরে জাপাকে অনেকটাই কবজায় নিয়েছে। এ অবস্থায় এরশাদ ও তাঁর স্ত্রী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপলব্ধি করছিলেন যে দলকে বাঁচিয়ে রাখতে সরকার থেকে বেরিয়ে আসার বিকল্প নেই।
এরশাদের ঘনিষ্ঠ একাধিক নেতার দাবি, এরশাদ শুরু থেকেই জাপার তিন সাংসদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে আসার তাগিদ দিচ্ছিলেন। কিন্তু তাতে একমত হচ্ছিলেন না রওশন। সম্প্রতি এ বিষয়ে দুজনের চিন্তা কাছাকাছি আসে। কিন্তু হঠাৎ জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও এরশাদের উত্তরসূরি ঘোষণা করায় বেঁকে বসেন রওশন। এতে দলের একটি অংশ মূল ভূমিকা রেখেছে বলে এরশাদপন্থী নেতারা মনে করেন।
রওশন-ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জাপার মন্ত্রী-সাংসদ এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের একটি অংশ এরশাদের কর্তৃত্ব খর্ব করে রওশনকে দিয়ে দল নিয়ন্ত্রণে রাখতে চায়। আবার সরকারও চায় এরশাদ-রওশনের দ্বন্দ্ব জিইয়ে রেখে জাপাকে কবজায় রাখতে।