জাপায় আবারও মন্ত্রিত্ব ছাড়ার আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও দলীয় সাংসদের মন্ত্রিত্ব ছাড়া নিয়ে আলোচনা হয়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে (জাপা)। গতকাল মঙ্গলবার রাতে জাপার সংসদীয় দলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে সরকারে থাকা দলটির তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাপার নীতিনির্ধারণী পর্যায়ের একজন সাংসদ প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাপা মনে করে, সত্যিকার বিরোধী দল হিসেবে জনগণের আস্থা অর্জন করতে মন্ত্রিত্ব ছাড়া উচিত। বিষয়টি নিয়ে দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও সাংসদেরা আলোচনা করেছেন। মন্ত্রিত্ব ছেড়ে দিতে তিনজনকে সময় দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়। তবে মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি একই সঙ্গে সরকারেরও শরিক। দলটির তিনজন সাংসদ সরকারে আছেন। এর মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেও প্রধানমন্ত্রীর দূতের দায়িত্ব পালন করছেন। দলের এই দ্বৈত ভূমিকা নিয়ে দলের ভেতরে ও বাইরে সমালোচনা আছে। গত বছরের ফেব্রুয়ারিতে দলের সভাপতিমণ্ডলীর সভায়ও দলের চেয়ারম্যানপন্থীরা সরকারে না থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন। এ নিয়ে দলে এরশাদপন্থী ও রওশনপন্থীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। দুই বছর ধরে মন্ত্রিত্ব ছাড়া নিয়ে দলের ভেতর আলোচনা চলছে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ একাধিকবার প্রকাশ্য সভায়ও বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, আরও আগে জাপার প্রেসিডিয়ামের সভায় দলের নেতাদের মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া আছে।