
শীত জেঁকে বসেছে। গরম কাপড় মুড়ে চলছে নির্বাচনী আড্ডা। কলেজ রোডের জাতীয় পার্টির মহানগর কমিটির অস্থায়ী কার্যালয় মধ্যরাত পর্যন্ত সরগরম। নেতা-কর্মীদের উপস্থিতি আর উচ্ছ্বাসের কমতি নেই। তবু দলে আছে অস্বস্তি। কারণ, দলীয় প্রধান এইচ এম এরশাদের ভাতিজা বিদ্রোহী প্রার্থী।
এদিকে প্রতীক বরাদ্দ না হলেও নগরজুড়ে ভোটাররা জেনে গেছেন কোন দলের কে প্রার্থী। এবারই প্রথম রংপুর সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটের উত্তাপ ততই বাড়ছে।
জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও দলেরই চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদও ছিলেন। এসব পরিচয়ে তিনি মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তফসিল ঘোষণার অনেক আগেই। গতকাল বুধবার শহরের শালবন, শালবন মিস্ত্রিপাড়া, জুম্মাপাড়া, পলিটেকনিক ইনস্টিটিউট এলাকাসহ আরও কিছু এলাকায় গণসংযোগ করেছেন তিনি।
শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক আগে থেকেই নির্বাচনী মাঠে কাজ করছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রার্থী হইনি। শক্ত হাতেই হাল ধরেছি। দল বহিষ্কার করলে করতে পারে। তাতেও আমি পিছু হটব না।’
তফসিল ঘোষণার আগে এইচ এম এরশাদ রংপুরে চার দিনের সফরে এসে নির্বাচনী এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ করে গেছেন। সবাইকে জানিয়ে দিয়ে গেছেন, দলীয় প্রার্থী মোস্তাফিজার রহমান।
রংপুর সদর হলো এরশাদের সংসদীয় আসন। তার ওপর তাঁর বাড়ি। এরশাদের প্রতি এখানকার মানুষের ভিন্ন রকম আবেগ রয়েছে। সেই আবেগে ভাগ বসাতে চান তাঁর ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার।
কতখানি সফল হবেন শাহরিয়ার? এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল। দলের কেউ কেউ বলছেন, জয়ের সম্ভাবনা থাক আর না থাক, এরশাদের ভাতিজা হওয়ার কারণে তিনি কিছুটা হলেও ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেন। সাধারণ ভোটারদের মধ্যেও এমন কথা শোনা যাচ্ছে। তাই দলে এ নিয়ে কিছুটা অস্বস্তি রয়ে গেছে।
তবে জাতীয় পার্টি মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির অস্বস্তির বিষয়টি উড়িয়ে দিয়ে প্রথম আলোকে বলেন, শাহরিয়ার কোনো প্রভাবই ফেলতে পারবেন না। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে। এ ছাড়া সিটির ১৯৩টি কেন্দ্রের জন্য আলাদা কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কলেজপাড়া, লালবাগ, সাতমাথা, মাহিগঞ্জ এলাকায় ঘুরে দেখা যায়, পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে। সাংবাদিক পরিচয় পাওয়ার পর উল্টো তাঁদের প্রশ্ন, ‘ভাই কেমন দেখছেন?’ লালবাগ এলাকায় রেলগেটের পাশে এক ব্যবসায়ী মিজানুর রহমান কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে বলেন, এমনিতেই এবার মার্কার নির্বাচন। তারপরও যদি কোনো দলের বিদ্রোহী প্রার্থী থাকেন, তাহলে কিছুটা হলেও সমস্যা তো হবে।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান এর আগে সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি প্রতিদিন সকাল থেকে রাত অবদি বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত থাকছেন। তিনি বলেন, ‘এবার তো দলীয় প্রতীকের নির্বাচন। দলের বাইরে কেউ প্রার্থী হতে পারেন। তবে আশা করি, ওই প্রার্থীর কোনো প্রভাব পড়বে না। এরপরও আমরা সজাগ আছি।’