জাপায় রওশনের কর্তৃত্ব খর্ব চায় না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টিতে রওশন এরশাদের কর্তৃত্ব খর্ব হতে দেবে না সরকার। আবার দুই অংশের চলমান টানাপোড়েনে জাতীয় পার্টি ভেঙে যাক, তা-ও চায় না সরকার। তাই অতীতের মতো নানাভাবে চাপ দিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে বাগে এনে সমঝোতার তৎপরতা চালানো হবে। সরকার ও আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদক গতকাল মঙ্গলবার সরকারের দুজন মন্ত্রী, তিনজন জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেন। তবে তাঁরা জাতীয় পার্টির বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে এবং নিজেদের দলীয় প্রধানের মনোভাব না জেনে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এই নেতারা বলেন, এরশাদ ও তাঁর ভাই জি এম কাদেরের হাতে জাপার কর্তৃত্ব পুরোপুরি চলে গেলে তাঁরা প্রথমে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপর সংসদ বয়কটের মতো গুরুতর সিদ্ধান্তেও উপনীত হতে পারেন, যা সরকারের জন্য বিব্রতকর হবে।
ওই নেতারা জানান, সরকার নিশ্চিত হয়েছে, জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করাসহ এরশাদের সাম্প্রতিক কর্মকাণ্ড তিনি নিজের বুদ্ধিতে করছেন না। এর পেছনে কোনো শক্তি কাজ করছে। এটাতে সফল হতে পারলে এরশাদ আরও বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এসব অস্থিরতা জাতীয় পার্টিতে সব সময় থাকে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আবার সবাই সমঝোতার মাধ্যমে এক জায়গায় চলে যাবে।’
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, সাংসদদের মধ্যে রওশনপন্থীর সংখ্যা বেশি। অন্যদিকে দলের মধ্যম সারির নেতাদের বেশির ভাগই এরশাদের অনুসারী। তৃণমূলে দলটি চলে এরশাদের নামে। ফলে দুই শক্তির মধ্যে একটা ভারসাম্য আছে। প্রাথমিকভাবে উত্তেজনা থাকলেও দল ভাঙার সম্ভাবনা কম। কারণ, দল ভাঙলে লাভ-লোকসান কী, এটাই সঠিক সময় কি না—এই রাজনৈতিক হিসাব মেলাতে গেলে দুই পক্ষই পিছু হটবে।
আওয়ামী লীগের আরেকজন নেতা বলেন, জাতীয় পার্টির চলমান ‘যুদ্ধে’ আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে সরাসরি কোনো ভূমিকা নেয়নি। সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তৎপরতা আছে। ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা রওশন, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। তাঁরা দলটির ভাঙন এড়াতে সমঝোতার ওপর জোর দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। বোর্ডের একজন সদস্য জাতীয় পার্টির চলমান অস্থিরতার বিষয়টি তোলেন। দু-একজন নেতা এটাকে গণতান্ত্রিক চর্চা হিসেবে মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি বলে সূত্র জানায়।
সরকারের একজন মন্ত্রী বলেন, এরশাদ আনপ্রেডিক্টেবল (অননুমেয়)। তাই তাঁকে সরকারের নীতিনির্ধারক মহল বিশ্বাস করে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেষ মুহূর্তে বেঁকে গিয়ে বেকায়দায় ফেলে দিয়েছিলেন এরশাদ। এর পেছনে নানা শক্তির প্রভাব ছিল। তবে এবার জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা এবং জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে ‘রাজনৈতিক উচ্চাভিলাষ’ ও প্রভাব রয়েছে বলে মনে হয়। এটা সরকার ও আওয়ামী লীগের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ৫ জানুয়ারির আগের ভূমিকায় এরশাদের যে ক্ষতি হয়েছে, এবার নিশ্চয় তিনি ভাবনায় সেটা নিয়েই এগোবেন।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এরশাদ ও রওশনের মধ্যে বিভিন্ন সময় বিপরীতমুখী অবস্থান ছিল। সরকার জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিসভায় রাখার পক্ষে। আবার দলে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর কর্তৃত্ব বজায় রেখে মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেলেও সরকার আপত্তি করবে না। সে ক্ষেত্রে জাপা পরিপূর্ণ বিরোধী দলের ভূমিকায় থাকবে। কিন্তু এরশাদ-রওশন বিবাদে জাতীয় পার্টি ভেঙে গেলে খানিকটা বিপাকে পড়বে সরকার।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টিতে কয়েক দিন পরপরই নানা ঘটনা ঘটে। এটা নতুন কিছু নয়। এই নিয়ে সরকার বা আওয়ামী লীগের ভাবার সুযোগ নেই। তারা নিজেরা নিজেরাই সমঝোতায় চলে আসবে।