জাফলংয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আসামপাড়া হাওর গ্রামের শতাধিক কৃষক ৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন, যা বৈশাখের প্রথম থেকে কাটা শুরু হয়েছে।
গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে এখন ঝড়-বন্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।
কৃষকদের সমস্যার খবর পেয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির রহমানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা আসামপাড়া হাওরে কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা বুধবার সকাল আটটায় একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রলীগের নির্দেশে জাফলংয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’ তিনি জানান, আসামপাড়া হাওরের এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান মিয়া বলেন, এরই মধ্যে হাওরের ৬০-৭০ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কা থাকায় কৃষকদের ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।