জামাত খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও সহসভাপতি কল্পনা রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ এবং রাজশাহীর স্বার্থসংশ্লিষ্ট দাবি আদায়ের কর্মসূচি গ্রহণের জন্য গত বুধবার সন্ধ্যায় পরিষদের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভা হয়েছে। পরিষদের তরফ থেকে প্রথম আলোয় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়।
কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে জামাত খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। পরিষদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, যা রাজশাহীর মানুষ মেনে নেবে না। বক্তারা বলেন, পরিষদের সহসভাপতি কল্পনা রায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আর হুমকিদাতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সভায় নেতারা জামাত খানসহ সংগঠনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা রাজশাহীবাসীর প্রাণের দাবি গঙ্গা ব্যারাজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, চিকিৎসাসেবা নিশ্চিত করা, রাজশাহী রেল ব্যবস্থার উন্নয়ন, রাজশাহী রেশম কারখানা সরকারি ব্যবস্থাপনায় চালুসহ বিভিন্ন দাবি সামনে রেখে আগামী ২০ মার্চ গণকপাড়া মোড়ে জনসভার কর্মসূচি ঘোষণা করেন।
সভায় বক্তব্য দেন দেবাশীষ প্রামাণিক ওরফে দেবু, এনতাজুল হক ওরফে বাবু, কল্পনা রায়, রিয়াজ আহম্মেদ, মান্নান, সুভাষ চন্দ্র হেমব্রম, সাঈদ চৌধুরী, জামিল হোসেন প্রমুখ।