নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে নয়জন কোনো ভোটই পাননি। এ ছাড়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কমসংখ্যক ভোট পেয়ে ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন।
ওই নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২৪ জন ও সংরক্ষিত পাঁচটি নারী সদস্য পদে ১৭ জনের মধ্যে চারজন জামানত হারিয়েছেন।
সাধারণ সদস্য পদে শূন্য ভোট পেয়ে জামানত হারিয়েছেন ১ নম্বর ওয়ার্ডের এ কে এম জাহাঙ্গীর আলম, মো. আবদুল্লাহ, ফিরোজ পারভেজ, ৪ নম্বর ওয়ার্ডের এ টি এম নূর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের হাফিজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শর্মা, ১৪ নম্বর ওয়ার্ডের রোকনুজ্জামান সেলিম ও ১৫ নম্বর ওয়ার্ডের ভুবন চন্দ্র মহন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন ওই ২৮ প্রার্থীর জামানত হারানোর সত্যতা নিশ্চিত করেছেন।