রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতাকে জেতানোর জন্য বিএনপির দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তির রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান ওরফে মিনুর দিকে।
এ অভিযোগ তুলেছেন কাটাখালী পৌর বিএনপির সভাপতি ও কাটাখালী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সিরাজুল হক। কাটাখালী পৌরসভায় বিএনপির প্রার্থী করা হয়েছে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে। তাঁর হলফনামায় পেশা হিসেবে ‘মৌসুমি ব্যবসা’র কথা লেখা হয়েছে। সিরাজুল হক দলটির বিদ্রোহী প্রার্থী। তিনি পেশায় কলেজশিক্ষক। গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াতের প্রার্থী মাজিদুর রহমানের কাছে তিনি ৫৯২ ভোটের ব্যবধানে হেরে যান।
সিরাজুল হক প্রথম আলোকে বলেন, দলীয় কোনো নির্দেশনা না থাকলেও গত নির্বাচনে মাজিদুর রহমানকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রচার করা হয়। তিনি বলেন, ২০০২ সালে কাটাখালী পৌরসভা ঘোষণা করা হয়। সে সময় মিজানুর রহমান একই সঙ্গে সাংসদ ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি জামায়াতের ভোটকে পুঁজি করে পরবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মাজিদুরকে কাটাখালী পৌরসভার প্রশাসক নিযুক্ত করেছিলেন। আর ২০১১ সালে মাজিদুর তালা প্রতীকে নির্বাচন করেন। সে সময় মাইকযোগে প্রচার করা হচ্ছিল, ‘মিনু ভাইয়ের সালাম নিন, তালা মার্কায় ভোট দিন’। সিরাজুল বলেন, তখন মাইকে ওই প্রচার শোনার সঙ্গে সঙ্গে তিনি মিজানুরের কাছে যান। জোটের কোনো প্রার্থী নেই—এ কথা ঘোষণা করার জন্য তাঁকে অনুরোধ করেন। কিন্তু মিজানুর তাতে রাজি হননি। অথচ দলের অন্য নেতারা তাঁকেই (সিরাজুল) সমর্থন দিয়েছিলেন। এ ছাড়া এবার দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। এ রকম প্রার্থী দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আবারও মাজিদুর রহমানকে পার করে দেওয়া।
কাটাখালী পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক গত মঙ্গলবার বিকেলে মিজানুর রহমান মিনুর বাসায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এবার বিএনপির প্রার্থীকে কেউ মেনে নিতে পারছেন না। দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামার জন্য মঙ্গলবার বিকেলে তাঁদের মিজানুর রহমানের বাসায় ডাকা হয়। তিনি আরও বলেন, ওই বৈঠকে কাটাখালী পৌর এলাকার ৭৩ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বৈঠক থেকে ৭০ জন নেতা-কর্মীই মিনুর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসেন। কারণ, তাঁর সিদ্ধান্ত মানতে গেলে জামায়াতের প্রার্থী জয়ী হবেন।
তবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক ওরফে মিলন বলেন, মিজানুর রহমানের বাসায় দলীয় প্রার্থীর পক্ষে এককাট্টা হয়ে কাজ করার জন্য কাটাখালীর নেতা-কর্মীদের সঙ্গে বসা হয়েছিল। সেখানে ও রকম কিছুই হয়নি। কাটাখালীতে সবাই বিএনপির প্রার্থীকে (ধানের শীষ) জেতানোর জন্যই চেষ্টা করবেন।
বিএনপির প্রার্থী মাসুদ রানা বলেন, মিজানুরের বাসায় কী হয়েছে, তা তিনি জানেন না। আর দলের সব নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। সে সময় তিনি তাঁর অসুস্থ ছেলেকে নিয়ে দিল্লিতে ছিলেন। এটা দেশের সবাই জানে। আর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কাটাখালীকে পৌরসভা করার সময় মাজিদুর রহমান কাটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে কারণে তিনি প্রশাসক হয়েছিলেন। বিএনপির দুর্বল প্রার্থী দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, এগুলো অবান্তর অভিযোগ।