জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ তুলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর খিজির আহমদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী এ দাবি করেছেন।
এ দাবিতে গত মঙ্গলবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মৌলভীবাজারের জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত আবেদন করেন। তাঁর ওই আবেদন সূত্রে জানা গেছে, খিজির আহমদ মনোনয়নপত্রের হলফনামায় তথ্য গোপন করেছেন। জুড়ী ও বড়লেখা থানায় দায়ের করা তিনটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সত্ত্বেও তিনি তা বলেননি।
পেশার বিবরণীতে ব্যবসার ধরন উল্লেখ করেননি। অথচ আয়কর রিটার্নে ২ লাখ ৬০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। দায়দেনার বিবরণীতেও কিছু বলেননি। গত রোববার যাচাই-বাছাইয়ের শেষ দিনে এ বিষয়ে আপত্তি জানালেও রিটার্নিং কর্মকর্তা খিজির আহমদের মনোনয়নপত্র বাতিল করেননি।
মেয়র প্রার্থী খিজির আহমদ গত মঙ্গলবার দাবি করেন, ‘অভিযোগগুলো সঠিক নয়। যে দুটি মামলার কথা বলা হয়েছে এর মধ্যে একটির এফআইআরভুক্ত আসামি আমি না। চার্জশিটে ঢোকানো হয়েছে। এটি এখনো তদন্তাধীন। আর একটিতে খালাসপ্রাপ্ত।’
রিটার্নিং কর্মকর্তা এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাজ হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করেছে কি না, সেটা দেখা। সঠিক কি না তা দেখবে আয়কর বিভাগ।