জামায়াত-শিবির ও বিএনপির ১০ কর্মীসহ গ্রেপ্তার ৬২
নাশকতার পরিকল্পনা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা, বাগেরহাট ও বগুড়ার শেরপুরে জামায়াত-শিবির ও বিএনপির ১০ কর্মীসহ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ওই তিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ও যৌথ বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জামায়াত-শিবিরের সাতজন কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ছয়জন ও শিবিরের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। বাকি ২৭ জন নাশকতার বিভিন্ন ঘটনায় আগে দায়ের হওয়া মামলার আসামি। জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, যৌথ বাহিনী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বাগেরহাট: গত বৃহস্পতিবার রাতে বিএনপি ও জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ আরও ২৫ জনকে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করে।
শেরপুর (বগুড়া): শেরপুরে বৃহস্পতিবার রাতে মো. আসাদুজ্জামান (২৫) নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, আসাদুজ্জামানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শহরের সকাল বাজারের নবমী হলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গার জঙ্গল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়েছে। আসাদুজ্জামান উপজেলার খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। শেরপুর থানায় ২০১৩ সালে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার ঘটনার ছয়টি মামলায় আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।