জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি
সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের একটি সংগঠন। আজ শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জাতীয় সংসদের চলতি অধিবেশনে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের ব্যবস্থা করতে হবে। একটির পর একটি মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে, সংসদের অধিবেশন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আইন সংশোধন হচ্ছে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, ‘ট্রাইব্যুনালের পাঁচটি রায়ের পর্যবেক্ষণে জামায়াতকে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে সারা দেশে তারা তাণ্ডব চালিয়েছে। অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ, আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড এবং যোগাযোগব্যবস্থা বিনষ্ট করার মতো চরম নৃশংসতা চালিয়েছে। আমরা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শুরু থেকেই যদি আমাদের গোয়েন্দা তৎপরতা আরও ভালো হতো, তবে হরকাতুল জিহাদের (হুজি) মতো সংগঠন গড়ে উঠত না। এ জন্য আরও ভালো করে গোয়েন্দা তৎপরতা থাকা দরকার, যাতে এসব সংগঠন অঙ্কুরেই বিনাশ করা যায়।’
সাংবাদিক আবেদ খান বলেন, দেশের মানুষের দাবি, যুদ্ধাপরাধীদের বিচার যেন চলমান থাকে এবং দেশে যেন জঙ্গিবাদের আর উত্থান না ঘটে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জিয়াউদ্দিন তারিক আলী প্রমুখ।