হরতালে আজ ব্যক্তিগত গাড়ি বেশি
জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার। দ্বিতীয় দিনেও জনজীবন স্বাভাবিক রয়েছে। সকাল সোয়া নয়টা পর্যন্ত কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ফার্মগেট, ১০ নম্বর গোল চত্বরসহ বিভিন্ন জায়গায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের দেখা গেছে। সকাল থেকে নগরের বিভিন্ন রাস্তায় বাস, অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। অন্য হরতালের চেয়ে আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি বেশি চলছে। দোকান বা বিপণিবিতান এখনো বন্ধ আছে। প্রায় একই চিত্র চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় ও বড় জেলা শহরগুলোতে।
গতকাল রোববার ভোর ছয়টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে কাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।
প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ছিল। ওই দিনের হরতাল ছিল ঢিলেঢালা। গতকাল ভোর ছয়টা থেকে চলছে দ্বিতীয় দফার হরতাল।
জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।