জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল আজ শুরু
দুই দিনের বিরতির পর আজ রোববার সকাল ছয়টা থেকে আবার শুরু হলো জামায়াতে ইসলামীর ডাকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি। চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মৃত্যুদণ্ডের রায় দিলে জামায়াত বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল দেয়। প্রথম দফায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল ছিল। ওই দিনের হরতাল ছিল ঢিলেঢালা।
গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান হরতাল সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলা শহরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।