জামায়াত-বিএনপি থেকে আসা নেতারা কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় বছর পর আজ শনিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগ উঠেছে, সম্মেলনের জন্য দলের অনেক ত্যাগী নেতাকে কাউন্সিলর না করা হলেও জামায়াত-বিএনপি থেকে আসা অনেকেই কাউন্সিলর হয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহসানুল হক (মাসুদ) গত উপজেলা নির্বাচনে তৃণমূলের ভোটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাঁকে এবার উপজেলা কমিটিতে না রাখার কারণে জেলা কমিটি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিই অনুমোদন করেনি। কমিটির সভাপতি পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। অননুমোদিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলেই পুঠিয়া উপজেলা থেকে ২২ জন কাউন্সিলরের নাম নির্বাচন করেছেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা বলেন, তিনি জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। শতাধিক রাজনৈতিক মামলার আসামি হয়ে জেল খেটেছেন। অথচ তাঁকে কাউন্সিলর করা হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি করতেন, বিএনপি থেকে পদত্যাগ করেননি, এমন নেতাও এবার কাউন্সিলর হয়েছেন।
দুর্গাপুর উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছিলেন লতিফ বিশ্বাস। এবার উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের সময় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁকে কাউন্সিলরও করা হয়নি।
পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শুকুর আলী ২০০৪ সালে গঠিত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। বিএনপির ওই কমিটি গত অক্টোবর মাসে বিলুপ্ত হয়েছে। তার আগেই ২০১৩ সালে শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি। বিএনপি থেকে পদত্যাগ না করেই তিনি আওয়ামী লীগের নেতা নির্বাচিত হন। এবার তিনি কাউন্সিলরও হয়েছেন।
বাগমারা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোল্লাহ এম আলতাফ হোসেন এবার কাউন্সিলর হয়েছেন। ১৯৯৫ সাল পর্যন্ত তিনি শিবিরের ওই দায়িত্বে ছিলেন। কিন্তু ২০১৩ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদকের পদ পান।
এ ব্যাপারে কথা বলার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাংসদ এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। একই কারণে সাংসদ কাজী আবদুল ওয়াদুদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।