জামালপুর জেলা বিএনপির সম্মেলন শনিবার
জামালপুর জেলা বিএনপির সম্মেলন আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর পর এই সম্মেলন হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সম্মেলনস্থলে জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, শনিবার শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কে শতাধিক তোরণ, ব্যানার-ফেস্টুন নির্মাণ করা হয়েছে। জাঁকজমকপূর্ণ এ সম্মেলনকে সফল করতে নেতা-কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন বলে তিনি জানান।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার ও সঞ্চালনায় থাকবেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
২০১০ সালের নভেম্বর মাসে জেলা বিএনপির সম্মেলন হয়। এতে মো. ফরিদুল কবীর তালুকদার সভাপতি ও শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান বলেন, কোনো পদে একাধিক প্রার্থী থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে।