জামালপুরে আ.লীগের ১৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগের ১৯ বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২২ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শুক্র ও শনিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান খান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।
সাময়িক বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন: সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন খান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক এমরুল খান, নরুন্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আদহাম, মমিনুল ইসলাম, তুলশিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাইদুর রহমান, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর-রশিদ, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হামিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম বাছেদুজ্জামান, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা নাজমুল হক, কেন্দুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।
এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জলিল, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুস ছালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা (সদ্য বহিষ্কৃত) ও বর্তমান চেয়ারম্যান শাজাহান আলী বলেন, ‘ইউনিয়নবাসী আমাকে আবারও চেয়ারম্যান চায় বলেই নির্বাচন করছি। দল থেকে বহিষ্কার করা হলেও ইউনিয়নবাসীর মধ্যে এর কোনো প্রভাব পড়েনি। ইউনিয়নবাসী আমাকে চায়, তাই নির্বাচন থেকে আমি পিছু হটব না।’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান খান বলেন, ৩১ মার্চ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে ওই সব নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় শৃঙ্খলা ভেঙে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য তিনজনকে বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।