জামালপুরে আজ খালেদা জিয়ার জনসভা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার জামালপুর আসছেন। তিনি আজ বিকেলে শহরের জিলা স্কুল মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে ২০-দলীয় জোট এই সমাবেশের আয়োজন করেছে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে জামালপুর শহরের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক তোরণ তৈরি করা হয়েছে। গতকাল শুক্রবার দিনভর মাইকে ব্যাপক প্রচার চালানো হয়।
খালেদা জিয়া গতকাল বিকেলে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন। তিনি বঙ্গবন্ধু সেতুসংলগ্ন যমুনা রিসোর্টে রাতযাপন করবেন। সেখান থেকে আজ জামালপুর আসবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০-দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।