জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রচারণায় বাধাদানের অভিযোগ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির প্রার্থী এইচ আর জাহিদ আনোয়ার এ অভিযোগ করেন।
বেলা সাড়ে ১২টার দিকে ওই সংবাদ সম্মেলন হয়। সেখানে এইচ আর জাহিদ আনোয়ার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত করে। কিন্তু এর বিপরীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী নিজে এবং আরও তিনজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন। তিনি বিভিন্ন ইউনিয়নে আমার ঘোড়া প্রতীকের প্রচারণায় নানা কৌশলে বাধা সৃষ্টি করছেন। ফারুক আহম্মেদ চৌধুরী তাঁর আনারস প্রতীকে ভোট দিতে ভোটারদের বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিচ্ছেন। এ ছাড়া ভোটারদের কাছে আমার বিরুদ্ধে নানা অপবাদ ও কুৎসা রটাচ্ছেন। এতে আমার নির্বাচনে ক্ষতিকর প্রভাব পড়ছে।’
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনে এইচ আর জাহিদ আনোয়ার কর্মী ও ভোটারদের সমর্থন পাচ্ছেন না। আমার মনে হয় তিনি নির্বাচনী মাঠ থেকে সরে যেতেই এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন আমার বিরুদ্ধে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের উদ্দেশ করে এইচ আর জাহিদ আনোয়ার বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছি।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র্যা ব ও বিজিবির পর্যাপ্ত সদস্য নিয়োগের দাবিও জানান তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বেলা আড়াইটার দিকে বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’