জামালপুরের পথে খালেদা জিয়া
টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি টাঙ্গাইলের যমুনা রিসোর্ট থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন।
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ২০-দলীয় জোটের আন্দোলনের অংশ হিসেবে বিকেলে জামালপুরে এক জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।
টাঙ্গাইল থেকে জামালপুরে যাওয়ার পথে কালীহাতি, ঘাটাইল, মধুপুর, ধনবাড়িসহ বিভিন্ন এলাকায় মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানান। এ সময় তাঁরা বিভিন্ন পোস্টার ও ব্যানার বহন করেন। তাঁকে শুভেচ্ছা জানাতে সড়কজুড়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
খালেদা জিয়ার গাড়িতে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া জামালপুর পৌঁছে দুপুরে সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকেল চারটায় জামালপুর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ রওনা হন খালেদা জিয়া। রাতে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু-সংলগ্ন যমুনা রিসোর্টে পৌঁছান। সফরসঙ্গীদের নিয়ে সেখানেই রাত যাপন করেন তিনি।