জামায়াত ছাড়া সব দলকে আমন্ত্রণ জানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এসব কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তাঁরা এখনো আমাদের নিশ্চিত করেননি। যখন তাঁদের আসা নিশ্চিত করতে পারব, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করি, আমন্ত্রিত অতিথিদের আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলন আরও বর্ণাঢ্য হবে।’ জামায়াত ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পদ বলে উল্লেখ করেন নাসিম। তিনি বলেন, ‘জয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কি না, তা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দল। তবে জয় দেশের সম্পদ, দল যদি তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়, তাহলে তিনি দলের সম্পদ হবেন। সম্মেলনে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করায় দেশবাসী অনুপ্রাণিত হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।’
এ সময় অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, মেয়র আনিসুল হক, ফারুক খান, আবদুস সোবহান গোলাপ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।