দেশের বর্তমান পরিস্থিতির শিগগির পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই—এমনটা ধরে নিয়ে দলের গঠনতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সংশোধনীতে দলের আমিরের ক্ষমতা বৃদ্ধিসহ কম নেতা নিয়ে ছোট পরিসরে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া সংশোধনীতে দলীয় ‘ঘোষণা’ হিসেবে বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন এবং এই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি যুক্ত করা হচ্ছে। গঠনতন্ত্রের ভূমিকায় জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। জামায়াতের গঠনতন্ত্রের ২০তম সংশোধনীর জন্য গঠিত উপকমিটির খসড়া প্রস্তাবনা থেকে এ তথ্য জানা গেছে।
খসড়া গঠনতন্ত্রে জামায়াত বলেছে, ‘আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করিতেছি যে, বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে। ...উপরোক্ত বিশ্বাস ও ঘোষণার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।’
আগে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলা ছিল, ‘যেহেতু বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে; সেহেতু শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।’ স্বাধীনতার ৩৩ বছর পর ২০০৪ সালে জামায়াত গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বিষয়টি এভাবে উল্লেখ করেছিল। এবারের সংশোধনীতে ‘যেহেতু’ এবং ‘সেহেতু’ শব্দ দুটি তুলে দিয়ে মুক্তিযুদ্ধের বিষয়ে আগের চেয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে।
জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, গঠনতন্ত্রের ২০তম সংশোধনী আনতে সম্প্রতি দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে আহ্বায়ক করে একটি উপকমিটি করা হয়। কমিটি বর্তমান গঠনতন্ত্র ও সংশোধনী প্রস্তাবগুলো পাশাপাশি ছক আকারে ছাপিয়ে কেন্দ্রীয় মজলিশে শ্ুরার সদস্যদের কাছে মতামতের জন্য পাঠায়। সংশোধনীর বেশির ভাগই সংগঠন পরিচালনা-সংক্রান্ত।
এ ছাড়া গঠনতন্ত্রে দলীয় ‘কর্মসূচি’ হিসেবে মাদক, সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন ও সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা’ এবং ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি শত্রুতা নয়’ এ নীতির ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোসহ বিশ্বের শান্তিকামী সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাসহ ১৫টি কর্মসূচি যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এক বছর ধরে আমি ক্ষমা চাইতে বলে আসছি। গঠনতন্ত্রে এমন সংশোধনী ক্ষমা চাওয়াকে সহজ করবে। দেখলাম নতুন আমির শপথের পর বঙ্গবন্ধু, জিয়া, ভাসানী ও ওসমানীকে শ্রদ্ধা জানিয়েছেন। মনে হচ্ছে, তারা বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে অগ্রসর হচ্ছে।’
রুকন সম্মেলনের পরিবর্তে জাতীয় কাউন্সিল: জামায়াত মনে করছে, বিদ্যমান পরিস্থিতিতে এমনকি স্বাভাবিক অবস্থায়ও আর ‘কেন্দ্রীয় সদস্য (রুকন) সম্মেলন’ করা অসম্ভব। তাই কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ এ স্তরটি বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। এর পরিবর্তে আওয়ামী লীগ ও বিএনপির মতো ‘জাতীয় কাউন্সিল’ করা হবে।
প্রস্তাবনা অনুযায়ী, তৃণমূলের সদস্যরা (রুকন) আনুপাতিক হারে কাউন্সিলর নির্বাচন করবেন। ফলে আমির নির্বাচন রুকনদের ভোটে হবে না। কাউন্সিলররা গোপন ভোটে আমির নির্বাচন করবেন। আমির নির্বাচনপ্রক্রিয়ার শুরুর কমপক্ষে তিন মাস আগে ‘জাতীয় কাউন্সিল’ গঠন করা হবে।
এ ছাড়া বিদ্যমান আঞ্চলিক সংগঠনের পরিবর্তে ‘বিভাগীয় সংগঠন’ নামে আরেকটি নতুন স্তর করা হবে।
আমিরের ক্ষমতা বাড়ছে: বর্তমান গঠনতন্ত্রে নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল নির্বাচনে আমিরকে মজলিশে শুরার সদস্যদের পরামর্শ নেওয়ার কথা বলা আছে। প্রস্তাবিত গঠনতন্ত্রে ‘পরামর্শক্রমে’ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। ফলে সেক্রেটারি জেনারেল ও প্রয়োজনীয় সংখ্যক নায়েবে আমির নির্বাচনে কারও পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।
গঠনতন্ত্র সংশোধন সময়ের দাবি: ‘বর্তমান পরিস্থিতির সহসা পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না’ সংশোধনী প্রস্তাবের সারসংক্ষেপে এমনটি উল্লেখ করে জামায়াতের নীতিনির্ধারকেরা মজলিশে শুরার সদস্যদের কাছে পাঠিয়েছে। এ ছাড়া সংগঠন পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ-সংক্রান্ত একাধিক ধারায়ও এমন পরিস্থিতির উল্লেখ করে ছোট পর্ষদে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে ‘কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশন’-সংক্রান্ত ১৯ নম্বর ধারায় নতুন একটি উপধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘পরিবেশ-পরিস্থিতির কারণে কোনোভাবেই যদি কেন্দ্রীয় মজলিশে শ্ুরার অধিবেশন অনুষ্ঠান সম্ভব না হয়, সে ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মপরিষদ অথবা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ উত্থাপিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবেন।’
‘কেন্দ্রীয় মজলিশে শুরার কর্তব্য ও ক্ষমতা’-বিষয়ক ২০ নম্বর ধারায় নতুন উপধারা সংযোজন করে বলা হয়েছে, ‘স্বাভাবিক অবস্থা না থাকিলে কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশন করা অসম্ভব হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিশে শুরার ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকও যদি অসম্ভব হইয়া পড়ে তা হইলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ উল্লিখিত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারিবে।’
আর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ-সংক্রান্ত ২৩ নম্বর ধারার (খ) এর পঞ্চম উপধারাটি বিলুপ্ত করে নতুন উপধারা সংযোজনের প্রস্তাব করা হয়। তাতে বলা হয়েছে, ‘নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মজলিশে শুরাকে সম্পৃক্ত করা অসম্ভব হইয়া পড়িলে এ বিষয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করিবেন। কিন্তু কর্মপরিষদের বৈঠক ডাকাও অসম্ভব হলে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং তা অনুমোদনের জন্য পরবর্তী মজলিশে শুরায় পেশ করিবে।’
এ ছাড়া ‘আমিরে জামায়াত’ বিষয়ক ১৫ নম্বর ধারায় একটি নতুন উপধারা সংযোজন করে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যদের উপস্থিতি কোনো কারণে অসম্ভব হইয়া পড়িলে আমিরে জামায়াত প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করিবেন।’
প্রসঙ্গত, জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় মজলিশে শুরা। এর সদস্য ২৭৭ জন। এত সংখ্যক সদস্য একত্র হতে না পারায় প্রায় সাত বছর মজলিশে শুরার বৈঠক হয় না। এর ওপরের সাংগঠনিক স্তর হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ, সংখ্যা ৫৩ জন। তারও বৈঠক হয় না। সর্বোচ্চ সাংগঠনিক স্তর হচ্ছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। গঠনতন্ত্রে এর সংখ্যা ২১ জন উল্লেখ আছে। এখনকার অধিকাংশ সিদ্ধান্তই নির্বাহী পরিষদ নিয়ে থাকে।
জানা গেছে, মজলিশে শুরার অধিকাংশ সদস্য প্রস্তাবিত সংশোধনীর পক্ষে মত দিয়েছেন। ১৭ অক্টোবর নবনিযুক্ত আমির মকবুল আহমাদের শপথের পর গণমাধ্যমে পাঠানো তাঁর বক্তব্যেও ওই সংশোধনী প্রস্তাব থেকে কিছুটা আলোকপাত করা হয়েছে।
প্রায় এক দশক ধরে রাজনীতিতে অব্যাহত চাপে আছে জামায়াত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ইতিমধ্যে দলের আমির, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষস্থানীয় প্রধান চার নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই অপরাধে দলও নিষিদ্ধের ঝুঁকিতে আছে। রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে দলটি ছোট পরিসরে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী আনছে।
এ বিষয়ে কথা বলতে জামায়াতের কোনো পর্যায়ের দায়িত্বশীল নেতাকে পাওয়া যায়নি। তবে গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক শফিকুর রহমান মজলিশে শুরার সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, ‘গঠনতন্ত্র সংশোধন এখন সময়ের দাবি’।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে সভা-সমাবেশ করা তাদের জন্য কঠিন ব্যাপার। তাই এটা আপৎকালীন বা সাময়িক হলে ঠিক আছে। যদি সাময়িক না হয়, তাহলে বলব তারা ভুল পথে যাচ্ছে, দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে।
তবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, তাদের (জামায়াত) অধিকাংশ নেতা যুদ্ধাপরাধে ধরা পড়েছেন। সংগঠনের এখন যে অবস্থা, ভবিষ্যতে বৈঠক ডাকা সম্ভব হবে না। সে জন্য গঠনতন্ত্র সংশোধন প্রয়োজন মনে করেছে। ভবিষ্যতে এমনও হতে পারে, সভাপতি-সাধারণ সম্পাদক দুজন মিলে সিদ্ধান্ত নিতে হবে।
মুনতাসীর মামুন আরও বলেন, ‘গঠনতন্ত্র যত পরিবর্তনই করুক, জামায়াত যা, তা-ই থাকবে। তারা গঠনতন্ত্রে যদি জয় বাংলাও লেখে, তাতেও চরিত্র বদল হবে না। তামিম আধুনিক শিক্ষিত ছেলে, শার্ট-প্যান্ট পরত। কিন্তু সে ছিল জঙ্গিদের প্রধান, এটা মনে রাখতে হবে।’