
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি জামায়াত ছেড়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মেনে আসেন, তাহলে কোনো আপত্তি নেই। কারণ, ঐক্য সুদৃঢ় করতে হলে একজন নেতা থাকতে হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক জাতীয় সংলাপে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। ‘জঙ্গিবাদী অপশক্তির উদ্বেগ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।
সাম্প্রতিক জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী আজ এমন কথা বলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, এই দীর্ঘদিনের বড় ব্যর্থতা হলো মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের শক্তির বিভাজন দূর করতে না পারা। তিনি জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের ভিত্তি হতে হবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন। কিন্তু দুদিন আগেও তিনি জামায়াতকে সঙ্গে নিয়ে সভা করেছেন।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদ দমনে খালেদা জিয়া জামায়াত, যুদ্ধাপরাধীদের পরিহার না করে ক্রমাগতভাবে ফেল করেছেন। উনি যদি জামায়াত ও জঙ্গিদের সঙ্গে সম্পর্ক না করতেন, তাহলে অনেক আগেই দেশ থেকে জঙ্গি দূর হয়ে যেত।’ তিনি আরও বলেন, বর্তমান সরকার লড়াই চালিয়ে যাচ্ছে, সর্বস্তরের জনগণ যেন এ লড়াইয়ে শরিক হন, তিনি এ আহ্বান জানান। বর্তমান সরকারের নীতি হলো জঙ্গিদের ধ্বংস করে দেওয়া।
সংগঠনটির সহসভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব।