জামায়াত ছেড়ে বিএনপিকে রাস্তায় নামার পরামর্শ সিপিবির
চা চক্র না করে জামায়াতকে ছেড়ে দিয়ে বিএনপিকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
সম্প্রতি জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে চা চক্র শুরু করছেন আজ থেকে। সিপিবির সঙ্গেও বিএনপি অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, বিএনপির চা চক্রের কী দরকার? ইচ্ছা থাকলে, আন্তরিকতা থাকলে তারা রাস্তায় নামতে পারে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘চা চক্রের দরকার নেই। আপনারা আপনাদের মতো কাজ করেন। জামায়াতকে পরিত্যাগ করেন। আপনারা রাস্তায় নামেন।’