ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় নিকাহ নিবন্ধক (কাজি) পদে জামায়াতের এক নেতাকে নিয়োগের জন্য স্থানীয় সাংসদ সুপারিশ করার দুই দিন পর তা প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার নান্দাইলের নতুন বাজার এলাকায় স্থানীয় সাংসদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের নেতারা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ এপ্রিল নান্দাইল পৌরসভার নিকাহ কাজির পদ শূন্য হয়। স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান ওই পদে প্রথমে উপজেলার আচারগাঁও ইউপির মো. নুরুল ইসলামকে পৌর এলাকার কাজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের সুপারিশ করেন। কিন্তু নুরুল ইসলাম উপজেলার চণ্ডীপাশা ইউপির ভারপ্রাপ্ত কাজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজনের পক্ষে একাধারে তিনটি ইউপির কাজি হিসেবে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এর ফলে জেলা নিবন্ধন কর্মকর্তার পরামর্শে সাংসদ ওই দায়িত্ব নান্দাইল ইউপির কাজি শামছুদ্দিনকে দেওয়ার জন্য সুপারিশ করেন।
হাসান মাহমুদ আরও বলেন, ‘মো. শামছুদ্দিন নান্দাইল উপজেলা জামায়াতের নেতা হওয়ায় তাঁর আবেদনপত্রে সাংসদের সুপারিশ করা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। মাননীয় সাংসদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তবে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শামছুদ্দিনের আবেদনপত্রে তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করা ছিল না। তাই অসংখ্য আবেদনের মতো তিনি তাতে সুপারিশ করে দিয়েছিলেন। দেশের বাইরে যাওয়ার আগে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি জেলা রেজিস্ট্রারকে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়ে কাজি পদে আশপাশের এলাকার কাউকে দায়িত্ব অর্পণ না করে নতুন কাউকে নিয়োগ করে শূন্যপদ পূরণের সুপারিশ করেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।