জামায়াত নেতার ছেলে ছাত্রলীগের সভাপতি!
জামায়াত নেতার ছেলে নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ঘটনায় নেতা-কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সিংড়ায় গত শনিবার উপজেলা, পৌর ও গোল ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন হয়। এতে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিতি ছিলেন। সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে খালিদ হাসান নির্বাচিত হন। তিনি পৌর জামায়াতের সাবেক আমির রওশন আলীর ছেলে এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের ভাগনে।
নাম প্রকাশ না করার শর্তে সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের এক কর্মী বলেন, একজন জামায়াত নেতার ছেলেকে উপজেলা ছাত্রলীগের সর্বোচ্চ পদে বসানো ঠিক হয়নি। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়াটাই তাঁর বড় যোগ্যতা হিসেবে দেখা হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার সাহস কারও নেই। তাই সবাই মুখ বুজে সহ্য করছেন।
ছাত্রলীগের স্থানীয় কয়েকজন কর্মী বলেন, স্থানীয় রাজনীতিতে খালিদ হাসান তেমন একটা সক্রিয় ছিলেন না। কিছুদিন তিনি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সুবাদে পরিচিতি লাভ করেন।
তবে নতুন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, জামায়াতের আমিরের ছেলের ছাত্রলীগের সভাপতি হওয়া নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। খালিদ ঢাকার আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি কাউন্সিলরদের ভোটে উপজেলা ছাত্রলীগের নেতা নির্বাচিত হয়েছেন। এর আগে বড় কোনো পদে দায়িত্ব পালন না করলেও তিনি পৌর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ব্যক্তিগত যোগ্যতায় নেতা নির্বাচিত হয়েছেন। তাঁর বাবা কোন দল করেন, তা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। নাটোর এনএস সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ বলেন, ‘সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। সেখানে নিয়মতান্ত্রিকভাবেই খালিদ হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এদিক থেকে সমালোচনা করার কিছু নেই। তাঁর বাবার পরিচয় জানা থাকলে যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। তবে সবকিছু নির্ভর করবে তাঁর (খালিদ হাসান) কর্মকাণ্ডের ওপর।’
রওশন আলীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে খালিদ হাসান বলেন, একটি পক্ষ এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, খালিদ হাসানের বাবা রওশন আলী সিংড়া পৌর জামায়াতের গত কমিটির আমির ছিলেন। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।