জামায়াত-বিএনপি গুপ্তহত্যায় উসকানি দিচ্ছে: ফজলে হোসেন বাদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা এবং জঙ্গিবাদী রাজনীতিকে উসকানি দিচ্ছে বিএনপি-জামায়াত। এতে সহায়তা করছে তাদের আন্তর্জাতিক মিত্ররা। আজ শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা। বাংলাদেশ যুব মৈত্রী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, দেশি-বিদেশি এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করা। মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা। এই মুহূর্তে বিশ্ব জঙ্গিবাদী সন্ত্রাসের সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে জনগণকে হয়রানির বাইরে রেখে জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, স্থানীয় ক্ষমতাসীন দলবাজদের আশ্রয়ে-প্রশ্রয়ে যুদ্ধাপরাধী মৌলবাদীদের কেউ কেউ জায়গা পাচ্ছে। তা বন্ধ করতে হবে। গণতন্ত্রের নামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ বন্ধ করতে হবে।
জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারীমুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, আইনজীবী-পেশাজীবী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি নুরুল হাসান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে টিএসসি মোড়ে এসে শেষ হয়।