জামায়াত-বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘বাংলাদেশকে আমরা তালেবান হতে দেব না, বাংলাদেশকে পাকিস্তানে পরিণত হতে দেব না, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে দেব না। আমরা জামায়াত-বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চাই না।’
গতকাল শনিবার বেলা ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলে হোসেন বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি একটি সৃজনশীল, বিপ্লবী রাজনৈতিক দল হিসেবে ক্রমাগতভাবে বিকশিত হচ্ছে। আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জনে পার্টি সংগ্রাম করে যাচ্ছে। আমরা জনগণের জন্য, সমাজ পরিবর্তনের জন্য পার্টি করছি।
তিনি আরও বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট থেকে ২০০১ সাল পর্যন্ত যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে পরিবর্তন ছিল সাম্প্রদায়িকতামুখী, দক্ষিণমুখী এবং মুক্তিযুদ্ধবিরোধী। ’৭৫-এর পট পরিবর্তনের পর বিএনপি ধাপে ধাপে এগিয়ে জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করেছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত জামায়াত-শিবিরের যেসব প্রতিষ্ঠান দেশে প্রতিষ্ঠা পেয়েছে; তার সবই বিএনপির অবদান।
পার্টির জেলা সভাপতি কমরেড হাজি বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমরেড খোরশেদ আলম, কায়সার আলম, ছাবের আহমদ, জি এম কুতুবী, ছাত্র মৈত্রীর জেলা আহ্বায়ক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মনির মোবারক প্রমুখ।