চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে সদ্য তোলা ছবি না দিয়ে পুরোনো ছবি দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। আগামী ৪ জুন উপজেলার ১৭টি ইউপিতে ভোট হবে।
সাতকানিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও চরতী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আ ন ম ছালেহ প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থী মনোনয়নপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দেবেন। কিন্তু রেজাউল করিম জমা দিয়েছেন আগে তোলা ছবি। তা ছাড়া, ওই ছবিগুলো যিনি সত্যায়িত করেছেন, তিনি স্বাক্ষর করার পর তারিখ উল্লেখ করেননি। তাই রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজ বলেন, ছবি পুরোনো হওয়ার কারণ দেখিয়ে আওয়ামী লীগের নেতাদের চাপে রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় নেতাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে করণীয় ঠিক করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চরতীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।