আওয়ামী লীগ ও বিএনপির মতো জামায়াতে ইসলামীও দলের ঢাকা মহানগর কমিটিকে দুই ভাগ (উত্তর ও দক্ষিণ) করছে।
জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সম্প্রতি দলের নীতিনির্ধারণী পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে ঢাকা মহানগরীর বর্তমান আমির রফিকুল ইসলাম খান ও নায়েবে আমির আবদুল হালিমকে ঢাকা মহানগর কমিটি থেকে প্রত্যাহার করে কেন্দ্রে নেওয়া হয়েছে। যদিও তাঁদের এখনো পদ দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি করা হচ্ছে মো. সেলিম উদ্দিনকে। আর দক্ষিণের সম্ভাব্য সভাপতি হচ্ছেন নুরুল ইসলাম বুলবুল।
নুরুল ইসলাম বর্তমানে দলের ঢাকা মহানগরীর সেক্রেটারি, আর সেলিম উদ্দিন সহকারী সেক্রেটারি পদে আছেন। তাঁদের মধ্যে সেলিম উদ্দিন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শফিকুর রহমান, আর নুরুল ইসলাম ঢাকার আমির রফিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এদিকে জামায়াতের নতুন আমির দায়িত্ব নিলেও সেক্রেটারি জেনারেল পদে নির্বাচন বাকি রয়েছে। এ অবস্থায় রফিকুল ইসলাম খান ও আবদুল হালিমকে মহানগর কমিটি থেকে হঠাৎ প্রত্যাহার করে কেন্দ্রে নেওয়ায় দলের ভেতরে কিছুটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ সম্ভাব্য সেক্রেটারি জেনারেল হিসেবে শফিকুর রহমান, তাসনীম আলম ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে রফিকুল ইসলামের নামও আলোচনায় আছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রফিকুল ইসলাম খান ও আবদুল হালিমের আগে ঢাকা মহানগর কমিটির আরেক নায়েবে আমির হামিদুর রহমান আযাদকেও কেন্দ্রে নেওয়া হয়। তাঁরা তিনজনেই এখন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এটি সংগঠনের সর্বোচ্চ স্তর। নির্বাহী পরিষদ সাধারণত দলের অন্য দুই স্তর কেন্দ্রীয় মজলিশে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের নেওয়া সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিশ্চিত করে।