
জামায়াতে ইসলামীকে মানবতা ও মনুষ্যত্বের শত্রু বলে আখ্যায়িত করে তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি-জামাতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সৈয়দ আশরাফ বলেন, ‘অপশক্তি জামায়াত ও তাদের দোসর-সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের আমাদের এখানে আসতে বেশি দেরি হবে না। আজকে কেউই কোথাও এদের হাত থেকে নিরাপদ না।’ তিনি বলেন, ‘জামায়াত এখানে একটা নাম। এরা কোথাও আল-কায়েদা, কোথাও তালেবান, কোথাও আইএস—কত বিচিত্র নাম! এরা মানবতার শত্রু, মনুষ্যত্বের শত্রু। যেখানে সুযোগ পাওয়া যাবে, সেখানেই তাদের রুখে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ডিভিডিতে ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন দেওয়া, পুলিশ হত্যা, গাছ নিধন, ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে ও যশোরের অভয়নগরের মালোপাড়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার চিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্র চলার সময় উপস্থিত অনেকে অশ্রুসিক্ত হয়ে যান।
সৈয়দ আশরাফ গণমাধ্যম, ভিডিওচিত্র, লেখনী ও যুক্তিতর্কের মাধ্যমে জামায়াতের তাণ্ডবের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে সাংবাদিকদের কথাই বলেন, বুদ্ধিজীবীদের কথা বলেন, কিংবা বিভিন্ন পেশার মানুষেরা যদি বলেন যে তিনি নিরপেক্ষ। আসলে কিন্তু উনি নিরপেক্ষ না। উনি স্বীকার করতে চান না, সত্য লুকাতে চান। আসল পরিচয় গোপন রাখার জন্য বলেন, আমি নিরপেক্ষ। কই মুক্তিযুদ্ধের সময় তো কেউ নিরপেক্ষ ছিল না। বর্তমানে মানবতাবিরোধী যুদ্ধের সময়ও কেউ নিরপেক্ষ থাকতে পারে না।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, রাজনীতির যুদ্ধ এখন মাঠে নেই, এখন তথ্যের যুদ্ধ শুরু হয়েছে। তথ্য দিয়েই জামায়াত-বিএনপির প্রতিবাদ করতে হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, নারীনেত্রী রোকেয়া কবির প্রমুখ।