জামায়াতপ্রীতির অভিযোগ সাংসদ হাবিবরের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘সাংসদের জামায়াত-বিএনপিপ্রীতির কারণে সংগঠন তছনছ হয়ে গেছে। ক্ষতবিক্ষত হয়েছে ধুনট উপজেলা আওয়ামী লীগ’

কেন্দ্রীয় নেতাদের সামনেই প্রকাশ পেল বগুড়া জেলা আওয়ামী লীগের বিরোধ। গতকাল মঙ্গলবার দলের বিশেষ বর্ধিত সভায় বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের বিরুদ্ধে বিএনপি-জামায়াতপ্রীতির অভিযোগ তোলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই নুরুন্নবী।

দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যপদ নবায়ন উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের শহীদ টিটু মিলনায়তনে ওই বর্ধিত সভার আয়োজন করে। এতে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

বেলা ১১টায় সভা শুরু হয়, চলে বেলা ২টা পর্যন্ত। তৃণমূল নেতাদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন। বেলা একটার দিকে টি আই নুরুন্নবী বক্তব্য দেন। তিনি কেন্দ্রীয় নেতাদের সামনেই হাবিবর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংসদের জামায়াত-বিএনপিপ্রীতির কারণে সংগঠন তছনছ হয়ে গেছে। ক্ষতবিক্ষত হয়েছে ধুনট উপজেলা আওয়ামী লীগ। তখন মঞ্চে ছিলেন সাংসদ হাবিবর রহমান।

টি আই নুরুন্নবী অভিযোগ করেন, ২০০৮ সালের আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ২৯ মামলার বাদী ছিলেন সাংসদের শ্যালক ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম। দল ক্ষমতায় এলেও এখন সাংসদের শ্যালকের দাপটে দলীয় নেতা-কর্মীরা কোণঠাসা। সাংসদের ছত্রচ্ছায়ায় এখনো দাপুটে নেতা তাঁর শ্যালক। জামায়াত-বিএনপির লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে সাংসদ পুনর্বাসন করেছেন। এসব বিষয়ে তদন্ত করে সাংসদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নুরুন্নবী।

এসব অভিযোগের বিষয়ে পরে মুঠোফোনে জানতে চাইলে সাংসদ হাবিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্ধিত সভায় উপজেলা কমিটির সভাপতি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। সাংসদ হয়েও সেখানে কথা বলার কোনো সুযোগ মেলেনি। অভিযোগ খণ্ডানোর সুযোগ পেলে আমি কেন্দ্রীয় নেতাদের সামনে বলতাম, ধুনট আওয়ামী লীগের সভাপতির সঙ্গে আমিও শতভাগ একমত। তবে দলীয় তদন্ত টিম গঠন করে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এসব অভিযোগ তদন্ত করা হোক। যদি ন্যূনতম সত্যতা মেলে তবে সাংসদের পদ থেকে দলীয় সভানেত্রীর কাছে আমি সেই দিনই পদত্যাগপত্র জমা দেব।’

সাংসদ আরও বলেন, ‘বিএনপি নেতা আখতার আলম আমার শ্যালক হলেও তাঁর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক নেই। দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো মামলার ব্যাপারে আমার সম্পৃক্ততাও ছিল না। জামায়াত-বিএনপির কোনো নেতার সঙ্গে সখ্য থাকার অভিযোগও ভিত্তিহীন।’

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান।

জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মমতাজ উদ্দিনের সঙ্গে দলীয় নানা বিষয় নিয়ে আবদুল মান্নানের দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে আবদুল মান্নানকে অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়নি। তবে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁর বাসায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

তবে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান দাবি করেন, কেন্দ্রীয় নেতাদের পরামর্শে বর্ধিত সভা আহ্বান করা হয়েছিল। সেখানেই কেন্দ্রীয় দুই নেতা ছাড়া জেলা কমিটির উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। দলীয় দুই সাংসদ জেলা কমিটির সদস্য হওয়ায় তাঁদের বাসাতেও বর্ধিত সভার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। বিশেষ অতিথি করা সম্ভব না হলেও সাংসদদের মঞ্চে বসার ব্যবস্থা ছিল। সাংসদ আবদুল মান্নান সভায় অনুপস্থিত থাকলেও তাঁর স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাহাদারা মান্নান সভায় বক্তব্য দিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে আবদুল মান্নান বলেন, ‘জেলা সভাপতির সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যস্ত থাকায় বর্ধিত সভায় হাজির হতে পারিনি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের আগেই জানিয়েছিলাম।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন, নতুন সদস্য সংগ্রহের সময় সতর্ক থাকতে হবে যেন সুযোগসন্ধানীরা কোনো ক্রমেই দলে ঢুকতে না পারে। আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। ব্যক্তি দেখে নয়, শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, তাঁকেই জয়ী করতে কাজ করতে হবে।

আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান, সদর উপজেলা কমিটির সভাপতি আবু সুফিয়ান, সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি সাহাদারা মান্নান, আদমদীঘি উপজেলা কমিটির সভাপতি আনছার আলী, শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আজিজুল হক, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি জাহেদুর রহমান, গাবতলী উপজেলা কমিটির সভাপতি এ এইচ আজম খান প্রমুখ।