জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • সিলেটে জামায়াত মেয়র প্রার্থী দিয়েছে
  • প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধে সাড়া দেয়নি জামায়াত
  • জামায়াতের আমিরও মুক্তি পেয়েছেন
  • বিএনপিসহ জোটের অন্য শরিকদের মনে সন্দেহ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী রেখে দেওয়া এবং দলটির আমিরের কারামুক্তিতে কোনো যোগসূত্র আছে কি না; এটা আগামী সংসদ নির্বাচনে কোনো সমীকরণের ইঙ্গিত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বিএনপিতে।

বিএনপির নীতিনির্ধারকেরা এখনো আশায় আছেন যে ২০-দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে জামায়াত তাদের প্রার্থীকে সরিয়ে নেবে। ১৫ জুলাই জোটের বৈঠক থেকে বিএনপিসহ অন্য শরিক দলগুলো জামায়াতের প্রতিনিধিকে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে অনুরোধ জানায়। যদিও জামায়াত এখন পর্যন্ত সেই অনুরোধে সাড়া দেয়নি। প্রার্থী প্রত্যাহারের কোনো সম্ভাবনাও নেই বলে জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে জানিয়েছেন। এ ছাড়া আরিফুলের সঙ্গে সিলেটের জামায়াত নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়।

বিএনপি, জামায়াতসহ জোটের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি লক্ষ্য নিয়ে জামায়াত সিলেটে মেয়র পদে প্রার্থী দিয়েছে। এর মধ্যে প্রধান লক্ষ্য বিএনপিকে নিজেদের গুরুত্ব বোঝানো এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন নিয়ে দর-কষাকষির ক্ষেত্র তৈরি করা। অন্য দুটি লক্ষ্য জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের ব্যক্তিগত বলে জানা গেছে। তা হচ্ছে, শফিকুর রহমান ২০-দলীয় জোটের মনোনয়ন নিয়ে সিলেট সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে আগ্রহী। তার আগে সিটি নির্বাচনে দলীয় অবস্থান জানান দিয়ে বিএনপিকে একটা বার্তা দিতে চান। তাই সিলেটে মেয়র প্রার্থী দিতে তাঁর আগ্রহ ছিল বেশি। এ ছাড়া আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে শফিকুর রহমানের দীর্ঘদিনের সখ্য, যা স্থানীয়ভাবেও অনেকটা প্রকাশ্য বিষয়। আবার শফিকুরের সঙ্গে আরিফুল হকের দূরত্ব রয়েছে। শফিকুর রহমানের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। সিলেট শহরে তাঁর ব্যবসা আছে।

অবশ্য সিলেটে জামায়াতের মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, তাঁর প্রার্থী হওয়া কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নয়, দলীয় সিদ্ধান্তে হয়েছে। আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে শফিকুর রহমানের সম্পর্কের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্য জায়গার তুলনায় সিলেটে রাজনৈতিক সম্প্রীতি একটু ভালো। তাই সবার সঙ্গেই রাজনৈতিক সম্পর্ক আছে।’

জানা গেছে, জামায়াত নেতা শফিকুর রহমান ২০০১ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হয়েছিলেন। সে নির্বাচনে তিনি জামানত হারান। ওই সময় শফিকুর রহমান জামায়াতের সিলেট মহানগরীর আমির ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির উচ্চপর্যায়ের একজন নেতা জানান, সিলেটে জামায়াত মেয়র নির্বাচন করতে চায়, এমন তথ্য তারা আগেই জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, সব সিটিতে তারা বিএনপিকে সমর্থন দিয়েছে। সিলেটে যেন তাদের ছেড়ে দেওয়া হয়। আবার জামায়াতের সেক্রেটারি সিলেট-১ (সদর) আসন থেকে নির্বাচন করতে চান, এমন কথাও বিএনপির নেতাদের কানে এসেছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের ওই নেতা বলেন, অন্য সিটিতে সমর্থনের বিনিময়ে একটি জামায়াতকে ছেড়ে দিতে হবে, ভোটের মাঠে এটা ভালো যুক্তি হতে পারে না। কারণ সিলেটে যিনি বিএনপির প্রার্থী, তিনি বর্তমান মেয়র এবং একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। এখন সেখানে প্রার্থী বদল করতে হলে এমন কাউকে দিতে হয়, যিনি আরও জনপ্রিয়। তা ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরোধীদের জন্য অনুকূল নয়। এই সময়ে জোটের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে বা জোট নিয়ে জনমনে ভিন্ন বার্তা যেতে পারে, এমন কিছু করা সমীচীন নয়। কিন্তু এসব বিবেচনায় না নিয়ে জামায়াত সিলেটে প্রার্থী দেওয়ায় বিএনপিসহ ২০ দলের নেতাদের অনেকের মনে নানা সংশয়-সন্দেহ তৈরি হয়েছে।

এ ছাড়া ৯ জুলাই ছিল সিটি করপোরেশনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু সিলেটে জামায়াত মেয়র প্রার্থী রেখে দেয়। এর পরদিনই কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান জামায়াতের আমির মকবুল আহমাদ। তাঁর কারামুক্তি নিয়ে সরকার কোনো বাধার সৃষ্টি করেনি। গত কয়েক মাসে আমির, নায়েবে আমিরসহ জামায়াতের সাত-আটজন গুরুত্বপূর্ণ নেতা জামিনে মুক্তি পান। এ নিয়েও বিএনপিসহ জোটের অন্য শরিকদের মনে খটকা বা সন্দেহ তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এ ধরনের সন্দেহ নাকচ করে দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্যদের ব্যাপারেও তো আমাদের কাছে নানা কথা, নানা তথ্য আছে। আমরা সেটা বলতে চাই না। কিছু সুবিধা থাকছে বলেই তো আমরা সিলেটে নির্বাচন করছি। সেটা একান্তই সাংগঠনিক সুফল বা কল্যাণের চিন্তা থেকে। সরকারের সঙ্গে আঁতাতের প্রশ্নই আসে না।’

এদিকে জামায়াত-বিএনপির টানাপোড়েনের প্রভাব জোটের অন্য শরিক দলগুলোর মধ্যেও পড়েছে বলে জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাপারটি জোটের শরিকদের জন্য একটু বিব্রতকর। এটি জাতীয়ভাবে আমাদের জোট সম্পর্কে দেশবাসীর কাছে একটি নেতিবাচক বার্তা যাবে।’

সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, সিলেটে মেয়র প্রার্থী রেখে দেওয়ায় সরকারি মহল থেকে জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা জানার চেষ্টা করছে, শেষ পর্যন্ত নির্বাচনে জামায়াত থাকবে কি না। কারণ, শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থী মাঠে থাকলে ভোটের হিসাব-নিকাশে আওয়ামী লীগের সুবিধা হয়।

জানা গেছে, সিলেটে ২০-দলীয় জোটের কয়েকটি শরিক দলের স্থানীয় নেতা জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের প্রচারে নেমেছিলেন। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে জামায়াতকে এড়িয়ে চলতে কড়াকড়িভাবে বার্তা দেওয়া হয়। সিলেট সিটি নির্বাচনের জন্য বিএনপির পাশাপাশি জোটেরও সমন্বয় কমিটি করা হয়েছে। এর আহ্বায়ক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব, সদস্যসচিব খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সব দলকে সঙ্গে নিয়ে প্রচারে নামতে।

বরিশাল ও রাজশাহীতে জামায়াত মেয়র প্রার্থী না দিলেও ওই দুই সিটিতে দলটির কাউন্সিলর প্রার্থী আছে। তবে ওই দুই সিটিতে জোটের প্রার্থী হিসেবে বিএনপির মেয়র প্রার্থীদের জন্য তারা মাঠে নামেনি বলে স্থানীয় সূত্রগুলো জানায়। এমনকি কাউন্সিলর প্রার্থী নিয়ে বরিশাল ও রাজশাহীতে সমঝোতা না হওয়ায় বিএনপি-জামায়াতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, একটা ইস্যু সৃষ্টি হলে একেকজন একেকভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করতেই পারে। তবে জোটের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না, ঐক্য অটুট থাকবে।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘সিলেটে জামায়াত প্রার্থী দেওয়ায় একটু গ্যাপ (দূরত্ব) হয়েছে। তবে আমরা এটা বলতে চাই না। সাধারণ মানুষ কী মনে করছে, এটা জামায়াতের বিবেচনায় নেওয়া দরকার।’