জামায়াতের ইফতারে যোগ দেওয়ায় আ.লীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ইফতারে অংশ নেওয়ায় বরিশালের বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়।
মশিউর রহমান জেলার বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা জানান, মশিউর রহমান দলের শৃঙ্খলা ভঙ্গ করে জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিপন্থী। তিনি আরও জানান, এর আগেও একবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ ব্যাপারে মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘দলীয় নেতা হিসেবে নয়, কাউন্সিলর হিসেবে জামায়াতের ইফতার পার্টিতে গিয়েছিলাম। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বহিষ্কারের বিষয়টি লোকমুখে শুনেছি। আমাকে মৌখিকভাবেও জানানো হয়নি।’