জামায়াতের কর্মী আওয়ামী লীগের কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে জামায়াতের এক কর্মী স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতা-কর্মী গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের খান জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক। এ ছাড়া এ কমিটিতে মনিয়ন্দের একটি গ্রাম থেকে তিনজনকে ও একটি বাড়ির দুজনকে স্থান দেওয়া হয়েছে।
কয়েকজন নেতা-কর্মী বলেন, গত ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান সংগীতাঙ্গনে আওয়ামী লীগের এক সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তখন আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক আবু তাহের খানকে সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। দলীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।