জামায়াতের নতুন আমিরের নাম ঘোষণা ঈদের পর
ঈদের পর নতুন আমিরের নাম ঘোষণা করবে জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানায়, আমির পদে ভোট গ্রহণ চলছে। এ প্রক্রিয়া শেষ হতে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট থেকে সারা দেশে দলের রুকনদের (শপথধারী সদস্য) ভোট গ্রহণ শুরু হয়। জেলা ও থানা কমিটিগুলোকে ছোট ছোট ইউনিটে ভাগ করে গোপনে ভোট নেওয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে এ কৌশল নেওয়া হয়েছে।
কিন্তু তা সব জায়গায় পুরোপুরি কাজে আসছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের দায়িত্বশীল একজন নেতা। তিনি দাবি করেন, রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে গত শুক্রবার দলের একটি ছোট ইউনিটের ভোট গ্রহণ চলছিল। পুলিশ সেখান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
দলীয় সূত্র জানায়, দলের মজলিশে শুযরা চলতি মাসের প্রথম সপ্তাহে আমির পদে প্রার্থিতার জন্য তিন সদস্যের প্যানেল নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তিরা হলেন মকবুল আহমাদ, মুজিবুর রহমান ও শফিকুর রহমান। এর মধ্যে মকবুল আহমাদ বর্তমানে দলের ভারপ্রাপ্ত আমির, মুজিবুর রহমান নায়েবে আমির ও শফিকুর রহমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিশে শুেরা আমির পদে প্রার্থিতার জন্য তিনজনের প্যানেল নির্বাচন করে। কেন্দ্রীয় মজলিশে শুতরার সদস্যসংখ্যা ২৭৭। এরপর সারা দেশের রুকনরা ভোট দিয়ে আমির নির্বাচন করেন। রুকনের সংখ্যা ৪২ হাজার। তাঁদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী।
প্রসঙ্গত, এবার আমির পদে নির্বাচন-প্রক্রিয়ার শুরুতে দলের নীতিনির্ধারকেরা চিন্তায় ছিলেন, তিন সদস্যের আমির প্যানেলে কারা নির্বাচিত হয়ে আসেন। কারণ, দলের কেন্দ্রীয় কমিটিতে নায়েবে আমির পদে আছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া আবদুস সুবহান এবং আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদী দলের ভেতরে জনপ্রিয়। শেষ পর্যন্ত সাঈদী প্যানেলে না আসায় দলের নীতিনির্ধারকেরা চিন্তামুক্ত হন।