জামায়াতের নলকূপ আ.লীগের ক্ষোভ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান গাইড বাঁধে জামায়াতের পক্ষ থেকে পাঁচটি নলকূপ স্থাপন করা হয়েছে। এসবের গায়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা রয়েছে। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, নদীভাঙনের শিকার হয়ে বাঁধে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য পর্যাপ্ত নলকূপ বসানো হয়েছে। এরপরও জামায়াত কৌশলে অতিরিক্ত নলকূপ বসিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
সরেজমিনে দেখা গেছে, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা নদীর ভাঙন রক্ষায় নির্মিত প্রায় সাত কিলোমিটার বাঁধে সহস্রাধিক পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে সরকারি-বেসরকারি সংস্থা (এনজিও) বিপুলসংখ্যক নলকূপ স্থাপন করেছে।
সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির আফছার আলী পাঁচটি নলকূপ বসিয়ে দিয়েছেন। নলকূপের গায়ে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ মুছে দিতে অথবা সরিয়ে নিতে বলা হয়েছে।
আফছার আলী বলেন, ‘আমাদের ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার ওই বাঁধে আশ্রয় নিয়েছে। মূলত তাদের সুবিধার্থে পাঁচটি নলকূপ বসানো হয়েছে। কিন্তু হাতীবান্ধার আওয়ামী লীগ নেতারা এর মধ্যে দুটি তুলে ফেলেছেন বলে শুনেছি। আমরা ওই নলকূপগুলো দিয়েছি, তাই গায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লিখে দিয়েছি। কেউ কিছু দিলে তাতে এর নাম লেখা থাকলে দোষের কী?’
সানিয়াজান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘ওই নলকূপগুলো কবে বসানো হয়েছে, তা আমি জানতাম না। এ নিয়ে খুব চাপে আছি।’