জামায়াতের নিরুত্তাপ হরতাল
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা গতকাল সোমবারের হরতাল নিরুত্তাপভাবে কেটেছে। সারা দেশের বেশির ভাগ জেলাতেই কোনো ধরনের পিকেটিং, মিছিল করতে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের। নাশকতার ঘটনাও ঘটেনি। জনজীবনে ছিল না কোনো বিরূপ প্রভাব।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর কোথাও কোনো ধরনের মিছিল করতে দেখা যায়নি জামায়াত-শিবিরের কর্মীদের। যান চলাচল ছিল স্বাভাবিক। ছিল চিরচেনা যানজট। গতকাল দুপুর পর্যন্ত গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। অবশ্য ঢাকার আশপাশের জেলায় বাস চলাচল সকাল থেকে চলাচল করে। রেল চলাচলও স্বাভাবিক ছিল। ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, প্রতিটি ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। রেল-পুলিশসহ সাদা পোশাকের পুলিশ বাড়ানো হয়।
নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বসানো হয় অস্থায়ী তল্লাশিচৌকি। র্যাবের দলকেও টহল দিতে দেখা যায়।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বেলা একটার দিকে ফার্মগেট থেকে কারওয়ান বাজার এলাকায় হরতালবিরোধী মিছিল করে তেজগাঁও থানা যুবলীগ।
মুজাহিদের নিজ শহর ফরিদপুরে হরতালের প্রভাব জনজীবনে পড়েনি। জামায়াতের নেতা-কর্মীদের শহরের কোথাও কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। কেবল আন্তজেলা বাস চলাচল কম ছিল। সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শহরে হরতালবিরোধী মিছিল বের করে।
জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে তাঁরা মিছিলের পরিকল্পনা বাদ দেন। তিনি বলেন, ‘পুলিশ বর্তমানে সরাসরি গুলি করছে। নেতা হিসেবে আমরা চাইনি কর্মীদের গুলির মুখে ঠেলে দিতে।’
জামায়াতের ডাকা হরতালের প্রভাব ছিল না চট্টগ্রামে। গতকাল সকালে নগরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। স্বাভাবিক ছিল গণপরিবহন চলাচল। হরতালের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীরা সমাবেশ বা মিছিল করেননি। নগর বা জেলায় কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগরের বেশির ভাগ কলেজ খোলা ছিল। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলা ছিল।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, হরতালে সবকিছু ছিল স্বাভাবিক। পুলিশের পাশাপাশি নাশকতা ঠেকাতে বিজিবির টহল ছিল।
লক্ষ্মীপুরে হরতাল চলাকালে জেলা শহর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। গতকাল সকালে শহরে ও রাস্তায় মানুষের উপস্থিতিও কম ছিল। জামায়াত-শিবিরের কোনো তৎপরতা ছিল না। সকালে সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় কম দেখা গেলেও পরে স্থানীয় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়।
সাতক্ষীরায় হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ মিছিল-সমাবেশ করে জেলার শহীদ আবদুর রাজ্জাক পার্কে ও শহরের বিভিন্ন এলাকায়।
বরিশালে হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। মহানগর এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোনো পিকেটিং হয়নি। নগরের বাস টার্মিনাল বা লঞ্চঘাটে যাত্রী উপস্থিতি ছিল স্বাভাবিক। দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল করেছে।
এ ছাড়া শেরপুর, কুড়িগ্রাম, সিলেটেও নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। আওয়ামী লীগ জেলাগুলোতে হরতালবিরোধী মিছিল করে।