জামায়াতের পরিকল্পনায় জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ‘সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে’ গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে বলে দাবি করেছে সরকার-সমর্থক ধর্মভিত্তিক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ দাবি করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আজ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জঙ্গি হামলা আন্তর্জাতিক কোনো কারণে নয় বরং জামায়াতে ইসলামীর সুদীর্ঘ পরিকল্পনার অংশ।’
মিছবাহুর রহমান বলেন, ‘তাদের (জামায়াত) ষড়যন্ত্রের কেন্দ্রীয় স্থান লন্ডন। ব্যারিস্টার রাজ্জাক ও পলাতক যুদ্ধাপরাধী চৌধুরী মঈনউদ্দিনের কিছু অন্ধ অনুসারী লন্ডন থেকে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা তৈরি করে।’ তিনি মনে করেন, জঙ্গি হামলার কারণে বিএনপির কর্মী-সমর্থকেরা জামায়াতের বিরুদ্ধে অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন। কারণ বিএনপির কর্মী-সমর্থকেরা বুঝতে পেরেছেন, জামায়াতি বেড়াজালে আবদ্ধ খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে। যে কারণে জামায়াতে ইসলামী তাদের সর্বশেষ আঘাত হানা শুরু করেছে। এই আঘাতের অংশ হিসেবে গুলশান ও শোলাকিয়ায় জামায়াত ইতিহাসের জঘন্য জঙ্গি হামলা চালায়।
সংবাদ সম্মেলনে জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকায় মহাসম্মেলন করার ঘোষণা দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মনিরুজ্জামান রব্বানী, অতিরিক্ত মহাসচিব কাজী ফিরোজ আহমেদ প্রমুখ।