জামায়াতের সঙ্গে জোট বৃষ্টির ছাতা: বিএনপি
জামায়াতের সঙ্গে বিএনপির জোট হচ্ছে গণতন্ত্র ও ভোটের। এটা হচ্ছে সময়ের বাস্তবতা এবং কৌশলগত। বৃষ্টি হলে যেমন ছাতা নিতেই হয়। যেমন সময়ের বাস্তবতায় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাকশালের স্বপ্ন থেকে জিয়াউর রহমানের সময়ে পিপিআর-এর অধীনে আবার আওয়ামী লীগে ফিরেছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেন।
জামায়াতকে ছাড়তে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এমন কোনো চাপের কথা জানি না। বিজেপি ও সাম্যবাদী দলও আমাদের সঙ্গে আছে। সাম্যবাদীরা কমিউনিস্টপন্থী। তাই বলে কী আমরা কমিউনিস্ট হয়ে গেলাম? তারা তাদের রাজনীতি করছে। সুতরাং কাউকে ধরা, রাখা বা ছাড়া কোনো বিষয় নেই এখানে।’
বিএনপিতে এখন জামায়াতনির্ভর খালেদার রাজনীতি চলছে, বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘তিনি (বি. চৌধুরী) বিএনপিকে জামায়াতনির্ভর বলেছেন। এটা কেউ বলতেই পারেন। কেউ এ ধরনের মন্তব্য করলে সেটা তাঁর নিজস্ব। বিএনপি অ্যাবসলিউটলি (নিঃসন্দেহে) জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ওপর ভর করে পরিচালিত হচ্ছে। জিয়ার আদর্শ থেকে বিএনপির সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
আর্থিকখাতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এ সংবাদ সম্মেলন করা হয়। আসাদুজ্জামান এর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দায়ী করেন।
আসাদুজ্জামান অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকা হরিলুটের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঝাঝরা হয়ে গেছে। এসব ব্যাংকে জনগণের আমানত তসরুপ করা হয়েছে। অর্থমন্ত্রী এদের ডাকাত বলেন। কিন্তু তিনি ডাকাতদের ধরতে পারনেনি।
বিএনপির এই নেতা দাবি করেন, লুটপাটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মূলধনের সংকট দেখা দিয়েছে। এখন মূলধন যোগানের জন্য জনগণের করের টাকা থেকে গোপনে বাজেটে পাঁচ হাজার কোটি টাকা রাখা হয়েছে। অথচ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা এ টাকার কথা বলেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।