জামায়াতের সঙ্গে বিএনপির জোট বৃষ্টির ছাতা!
জামায়াতের সঙ্গে বিএনপির জোটকে গণতন্ত্র ও ভোটের বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, এটা হচ্ছে সময়ের বাস্তবতা এবং কৌশলগত।
রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মুখপাত্র এ কথা বলেন। সময়ের বাস্তবতার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বৃষ্টি হলে যেমন আমাদের ছাতা নিতেই হয়। একই বাস্তবতায় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাকশালের স্বপ্ন থেকে বেরিয়ে আবার আওয়ামী লীগে ফিরেছে।
জামায়াতকে ছাড়তে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এমন কোনো চাপের কথা জানি না। বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) ও সাম্যবাদী দলও (একাংশ) আমাদের সঙ্গে আছে। সাম্যবাদ মানে কমিউনিস্ট। তাই বলে কি আমরা কমিউনিস্ট হয়ে গেলাম? তারা তাদের রাজনীতি করছে। সুতরাং এখানে কাউকে ধরা, রাখা বা ছাড়ার কোনো বিষয় নেই।’
বিএনপিতে এখন জামায়াতনির্ভর খালেদার রাজনীতি চলছে—বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘তিনি (বি. চৌধুরী) বিএনপিকে জামায়াতনির্ভর বলেছেন, এটা কেউ বলতেই পারেন। কেউ এ ধরনের মন্তব্য করলে সেটা তাঁর নিজস্ব। বিএনপি নিঃসন্দেহে জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ওপর ভর করে পরিচালিত হচ্ছে। জিয়ার আদর্শ থেকে বিএনপির সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
রাষ্ট্রায়ত্ত আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দায়ী করেন আসাদুজ্জামান। বিএনপির এই নেতা অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকা হরিলুটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঝাঁজরা হয়ে গেছে। এসব ব্যাংকে জনগণের আমানত তছরুপ করা হয়েছে। অর্থমন্ত্রী এদের ডাকাত বলেন, কিন্তু তিনি ডাকাতদের ধরতে পারনেনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।