জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেবেন স্থানীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সিদ্ধান্ত নিতে বলেছে বিএনপি। যদি তাঁরা কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। রাত ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত চলে এ বৈঠক।
বৈঠক সূত্র জানায়, এর আগে নির্বাচনে বিএনপি ২৩৫ পৌরসভার মধ্যে একটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) এবং আরেকটি কাজী জাফরের জাতীয় পার্টিকে ছাড় দিয়ে বাকি ২৩৩টি পৌরসভায় প্রার্থী দেয়। কিন্তু ওই সময় জোটের প্রধান শরিক জামায়াতের সঙ্গে সমঝোতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গতকালের বৈঠকে জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, ৪০টির মতো পৌরসভায় জামায়াত মেয়র পদে প্রার্থী দিয়েছে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌরসভা নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে পর্যবেক্ষণ সেল গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যরা মনে করেছেন, এই নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য খালেদা জিয়া দ্রুত পর্যবেক্ষণ সেল গঠন, সময়ে সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখা এবং যেকোনো অনিয়ম ও সমস্যার বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন।
বিদায়ী সাক্ষাৎ: খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গতকাল রাতে বাসসকে এ কথা জানিয়েছেন।