জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর।
গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁকেসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের কর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সেদিন বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছিলেন হেফাজতের কর্মী ও মুসল্লিরা। পরে পুলিশও বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এসব সংঘর্ষের ঘটনার ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনার মামলায় আজ গোলাম পরওয়ারকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য নিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।