জামায়াতে ইসলামীর নেতারা যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে দলটি নির্বাচনের তফসিল পেছানোরও দাবি জানিয়েছে।
গতকাল সোমবার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই দাবি জানান। এ সময় দলের আরও চারজন নেতা উপস্থিত ছিলেন।
পরে ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, জামায়াতের নিবন্ধন অবৈধ। কিন্তু দলটির নেতারা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপির ধানের শীষ নিয়েও তারা ভোট করতে পারে। এটা হতে দেওয়া উচিত নয়। বিধি সংশোধন করে জামায়াতের নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে বিধিনিষেধ আরোপ করতে হবে।
আচরণবিধিতে সমস্যা আছে উল্লেখ করে ফজলে হোসেন বাদশা বলেন, সাংসদদের প্রচারে অংশগ্রহণ নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। কারণ তাঁদের কোনো নির্বাহী ক্ষমতা নেই।