জামায়াতের হরতাল আজ সারা দেশে
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। গত শনিবার দিবাগত রাত দেড়টায় এক বিবৃতিতে জামায়াত এ কর্মসূচির ঘোষণা দেয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল রোববার বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে গতকাল দেশ-বিদেশে মুজাহিদের গায়েবানা জানাজায় অংশ নেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঢাকা ও চাঁদপুরসহ কয়েকটি জায়গায় জানাজায় অংশ নেওয়া কয়েকজন মুসল্লিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সরকার শহীদ মুজাহিদকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আগ মুহূর্ত পর্যন্ত তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। মুজাহিদ নাকি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। আমি সরকারের এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’