জামায়াতের হরতাল পালিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার তাঁর দলের ডাকা হরতাল দেশের কোথাও পালিত হওয়ার খবর মেলেনি। তবে হরতালকে কেন্দ্র করে তিন জেলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অধিকাংশই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
গত মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকরের পর ওই রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। তবে অন্য দিনের মতোই গতকাল ঢাকাসহ দেশের সব জেলায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালতেও নিয়মিত কাজ হয়েছে।
ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী মহানগর ও পুঠিয়া থানা এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ৬৪ জনকে গ্রেপ্তার করে। এঁদের অধিকাংশ জামায়াত-শিবিরের কর্মী।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মহানগরের চার থানায় ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ৩২ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অন্যরা সন্দেহভাজন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর জামায়াতের আমির আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নিজামীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে হরতালে নাশকতার আশঙ্কায় পুঠিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিল উদ্দীনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বুধবার সন্ধ্যায় নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেনসহ দলের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার শেরপুরে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, ২০১৫ সালের ৮ জানুয়ারি উপজেলার মহাসড়কে একটি নাশকতার মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের চার নেতা-কর্মীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা রয়েছে।