জামায়াত-বিএনপির তিন শতাধিক নেতা-কর্মী আ.লীগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাসহ শতাধিক কর্মী গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুপুর ১২টার দিকে শহরের শহীদ সাটু হলে সদর আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুল ওদুদ নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
আওয়ামী লীগে যোগদানকারীদের তালিকা অনুযায়ী জামায়াত নেতারা হচ্ছেন, শাহজাহানপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো. মর্তুজা এবং এলাকায় নেতা হিসেবে পরিচিত ওবায়দুল হক ও নওশাদ আলী। বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন সুন্দরপুর ইউপি সদস্য কবীর হোসেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, ইউপি সদস্য লিয়াকত আলী, আশরাফুল হক, দেবীনগর ইউপি সদস্য আফজাল হোসেন, মো. আলম, ঝিলিম ইউপি সদস্য এহসান আলী ও আবদুল মালেক।
আবদুল ওদুদ বলেন, ‘জামায়াতের ভণ্ডামি ও সাঈদীকেন্দ্রিক মিথ্যাচারে বীতশ্রদ্ধ হয়ে এবং তাঁর (আবদুল ওদুদের) উন্নয়ন কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে জামায়াতের ৫০ থেকে ৬০ নেতা-কর্মী আমাদের দলে যোগ দেন। আর বিএনপির মাত্রাতিরিক্ত জামায়াতপ্রীতি ও স্থানীয় নেতৃত্বের স্বেচ্ছাচারে অতিষ্ঠ ৩০০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।’
যোগ দেওয়া নেতাদের সম্পর্কে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, এঁদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এঁদের কেউ কেউ হত্যা ও নারী নির্যাতন মামলার আসামি। আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াতে এসব লোককে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছে।
জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে মো. মর্তুজার কোনো সম্পর্ক নেই। তবে অন্য দুজনকে আমি চিনি না।’