নীলফামারীতে ২০-দলীয় জোটের জনসভায় প্রথমে মঞ্চের সম্মুখভাগে স্থান না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরে অবশ্য সামনের সারিতে জায়গা করে নেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার সমাবেশ শুরু হয়েছে বেলা দুইটায়। আর বিএনপির চেয়ারপারসন ও ২০-দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া মঞ্চে আসেন বেলা সোয়া তিনটায়। কিন্তু ভোর থেকেই সভামঞ্চের সম্মুখভাগ দখলে নেন লাল-সবুজ ও সাদা টি-শার্ট পরা ছাত্রদল-যুবদল ও বিএনপির কর্মীরা। এরপর মাঠে ঢুকতে থাকে জামায়াত-শিবির।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের বিচার এবং জামায়াতকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে পুলিশের ভয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাদের প্রকাশ্যে খুব কমই দেখা যায়। তবে কাল ছোট ছোট মিছিল নিয়ে তাঁদের নীলফামারীর সমাবেশে যোগ দিতে দেখা যায়। দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা। সমাবেশস্থলের আশপাশে শোভা পায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুন।
সাম্প্রতিক সময়ে জনসভার সম্মুখভাগ দখল নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভামঞ্চের সম্মুখভাগ দখলে নিতে জামায়াত-শিবির বুধবার রাত ১২টার মধ্যেই নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢুকে পড়ে। খবর পেয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী, সদস্যসচিব সামছুজ্জামানসহ অন্যান্য নেতা ছুটে যান। তাঁদের উপস্থিতিতে মাঠে কার, কোথায় অবস্থান থাকবে, তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ।
সামছুজ্জামান প্রথম আলোকে বলেন, ১৬ অক্টোবর জোটের কর্মিসভায় সিদ্ধান্ত হয়েছিল, মঞ্চের সম্মুখভাগে থাকবে মহিলা, দ্বিতীয় ধাপে ছাত্রদল ও যুবদল, তৃতীয় ধাপে বিএনপিসহ ২০ দলের কর্মী এবং সর্বশেষ ধাপে সাধারণ মানুষ। এই সিদ্ধান্ত না মেনে রাতেই জামায়াত-শিবিরের মাঠ দখলের চেষ্টা ঠিক হয়নি। জামায়াত-শিবির দাবি করে, মঞ্চের সম্মুখভাগে তাদের ২০ হাজার কর্মীর জায়গা দিতে হবে। কিন্তু স্থানীয় বিএনপি এতে রাজি হয়নি।
রাতে দীর্ঘ আলোচনার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই মাঠ ছাড়ে জামায়াত-শিবির। তারা ভোরে মঞ্চের সম্মুখভাগ দখলে নেবে—এমন খবর ছড়িয়ে পড়লে গতকাল ভোর হওয়ার আগেই সভামঞ্চের সম্মুখভাগ দখলে নিয়ে নেন ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীরা। পরে জামায়াত-শিবিরকে মঞ্চের পূর্ব পাশে এক কোণে স্থান করে দেওয়া হয় বলে জানান আসাদুল হাবিব।
জামায়াতের সহকারী যুগ্ম সেক্রেটারি আবু হেলাল বলেন, ‘আমরা ২০ দলের অন্যতম প্রধান শরিক দল। অথচ বিএনপির পক্ষ আমাদের মঞ্চের সম্মুখভাগে স্থান দেওয়া হয়নি। এর ফলে আমাদের সঙ্গে নীলফামারী বিএনপির দূরত্ব সৃষ্টি হলো।’