জাসদ একটি জঙ্গি সংগঠন: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্বাধীনতা-পরবর্তী রাজনীতি এবং এর কথিত সামরিক শাখা গণবাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে দলটিকে জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, স্বাধীনতার পর সরকারি ও বেসরকারিভাবে যাঁরা সন্ত্রাসে জড়িত ছিলেন, তাঁরাই এখন দেশ চালাচ্ছেন। জাসদকে মন্ত্রিসভায় স্থান দিয়ে আওয়ামী লীগ দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন। এ আলোচনার আয়োজন করে ফ্রি থিংকার্স ফোরাম নামের একটি সংগঠন।
হান্নান শাহ মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকারের সদ্য প্রকাশিত বইয়ের কথা উল্লেখ করে বলেন, ‘এ কে খন্দকার শুধু বীর উত্তম নন, তিনি বাপ কা বেটা।’ তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, তাই ৭ মার্চের বক্তৃতার শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তাঁর বক্তৃতায় জাপানের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের সমালোচনা করেন।