জাসদই মুজিব হত্যার 'অনুঘটক': বিএনপি
বিএনপি বলছে, জাসদই পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান হত্যার ‘অনুঘটক’ ছিল।
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, ‘হাসানুল হক ইনু ও তাঁর অনুসারীদের বলতে চাই, মিথ্যার আশ্রয় নেবেন না। আপনারাই বাহাত্তর থেকে পঁচাত্তরের ঘটনার জন্য দায়ী। শেখ মুজিবুর রহমানের শাসনামলকে ভালনারেব্ল (ঝুঁকিপূর্ণ) করেছেন। যার পরিণতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
ওই সময় লুটপাট, গুদামে অগ্নিসংযোগ, ঈদের জামাতে ব্রাশফায়ারসহ জাসদের গণবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ওই সময় ইনুরা কেবল সামাজিক বিশৃঙ্খলাই সৃষ্টি করেননি, সেনাবাহিনীতেও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। জিয়াউর রহমানের দয়ায় তিনি নতুন জীবন পান। তিনি বলেন, ‘যাঁরা আওয়ামী লীগ করেছেন, তাঁদের কাছে ওই সময়ে জাসদের ভূমিকা দিনের মতো স্পষ্ট। এখন মন্ত্রিত্ব ও হালুয়া-রুটির লোভে ইনু যতই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জিকির করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে পারবেন না।’
গণমাধ্যমের বরাত দিয়ে মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কথা উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রধানমন্ত্রীর দুর্ভাগ্য, যাঁরা তাঁকে এক-এগারোর সময় মাইনাস করতে চেয়েছে, তাঁদের মন্ত্রিসভায় রাখতে হচ্ছে। যারা ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত আওয়ামী লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগকে তছনছ করার জন্য গণবাহিনী করেছিল, জেনেশুনে সে গণবাহিনীর উপ-অধিনায়ক হাসানুল হক ইনুকে মন্ত্রিসভায় রাখতে হয়। প্রতিদিন ইনুর চেহারা দেখতে হয়। এটা অসহায়ত্ব ছাড়া আর কিছু নয়।’
আসাদুজ্জামান রিপন বলেন, কয়দিন পরপরই ইনু বিএনপির বিরোধিতা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিষোদ্গার করেন। তাঁর বোধ হয় ধারণা হয়েছে জিয়া, খালেদা ও তারেক রহমান সম্পর্কে বিষোদ্গার করলে প্রধানমন্ত্রী খুশি হবেন। ইনুকে ‘নতুন কার্ড খেলার’ পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি যে পুরোনো কার্ড খেলছেন, তা আর চলছে না।’