জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাসদ কখনো এককভাবে লড়াই করে, কখনো ঐক্যবদ্ধভাবে লড়াই করে। জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতেও পারবে না। আজ শনিবার বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মেজর জিয়াউর রহমানের মাথায় কেউ গণতন্ত্রের টুপি পরাবেন না, তাঁর মাথায় বিশ্বাসঘাতকতার টুপি পরান। তিনি বেঁচে থাকলে কর্নেল তাহের হত্যার দায় থেকে রক্ষা পেতেন না, তাঁর বিচার এ দেশের মাটিতেই হতো।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ইতিহাসের চতুর্থ মীরজাফর উল্লেখ করে ইনু বলেন, ‘পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে দালালি আর নবাব সিরাজদৌল্লার সঙ্গে প্রথম বিশ্বাসঘাতক হিসেবে নাম লিখিয়েছিলেন মীরজাফর। একাত্তরের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দ্বিতীয় মীরজাফরের নাম লেখায় রাজাকারেরা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসে তৃতীয় মীরজাফর হিসেবে নাম লেখান খন্দকার মুশতাক। আর বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাসের আস্তাকুঁড় থেকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে আমদানি করে ইতিহাসের চতুর্থ মীরজাফর হিসেবে নাম লিখিয়েছেন জিয়াউর রহমান।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন ইতিহাসের ডাস্টবিন। ৭৫-এর বঙ্গবন্ধুর খুনিরা রেহাই পায়নি, মানুষ পোড়ানো ও আগুন সন্ত্রাসী খালেদা জিয়ারও রক্ষা হবে না। তাঁর বিচার হবে। এ দেশে সামরিক শাসন আর আসবে না। জঙ্গিদের নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। বগুড়া জেলা জাসদের সভাপতি ও সাংসদ এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংসদ শিরীন আখতার, সহসভাপতি আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।